
চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। এরপর থেকে গত আট মাস ধরে চলছে তার চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি বাড়িতেই পরিবারের সদস্য ও পোষ্যদের সাথে সময় কাটাচ্ছেন।
নিজের শারীরিক অবস্থা নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই ভালো আছেন। ছয় মাসের কেমোথেরাপি চক্রের মধ্যে চার মাস সম্পন্ন হয়েছে কয়েক দিন আগে। এই পর্যায়ে কেমোথেরাপি শেষ হলে এমআরআইসহ পুনরায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে, যাতে টিউমারের বর্তমান অবস্থা বোঝা যায়। এই সময়ে তার ওজন কিছুটা বেড়েছে, যা মূলত দুটি সার্জারি এবং প্রয়োজনীয় ওষুধের প্রভাবে হচ্ছে বলে তিনি জানান।
অসুস্থতার কারণে দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকা তানিয়া তার সহশিল্পী ও কলাকুশলীদের পরিবারের মতো মনে করেন। তিনি বলেন, মিডিয়ার মানুষজন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অসুস্থ থাকাকালীন অনেকেই তাকে দেখতে আসতেন এবং তার ফেরার অপেক্ষায় থাকার কথা জানিয়ে সাহস জোগাতেন, যা তাকে মানসিক শক্তি দিয়েছে।
অভিনয়ের মানুষ তানিয়া বৃষ্টি এখন কাজে ফেরার জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই তিনি তার চেনা ভুবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :