Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:২০ পূর্বাহ্ণ /
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান গুরুত্ব দিচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ তবে তিনি বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকার কথা স্বীকার করেছেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা এখনই তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। অ্যাক্সিওসের দাবি অনুযায়ী, এই অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও বড় হতে পারে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে। আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি, যা আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।’

তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং নতুন কোনো সামরিক নির্দেশও জারি করা হয়নি। ট্রাম্প নিজেও এই হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor