Facebook Twitter Instagram YouTube

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ /
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ৮ বছরের নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে। ম্যাচ ফিক্সিং এবং দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে তাকে এই কঠোর শাস্তি দেওয়া হয়েছে। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করে।

আইসিসির অধীনে থাকা একটি স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এই অভিযোগগুলো মূলত ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্কিত। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আবুধাবি টি-টেন টুর্নামেন্টের জন্য আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা (ডিএসিও) হিসেবে নিয়োগ দিয়েছিল, যার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই অভিযোগগুলো প্রমাণিত হয়।

গত বছরের নভেম্বরে তদন্ত চলাকালে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সাময়িক নিষেধাজ্ঞাই এখন পূর্ণাঙ্গ রায়ে আট বছরের শাস্তিতে রূপ নিয়েছে। শাস্তির মেয়াদ কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে, যেদিন থেকে তাকে প্রথমবারের মতো সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

ট্রাইব্যুনালের রায়ে রেড্ডির বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথমত, তিনি ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগের এক বা একাধিক ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। দ্বিতীয়ত, তিনি অন্য একজন অংশগ্রহণকারীকে ম্যাচ ফিক্সিংয়ে প্ররোচিত বা উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। তৃতীয়ত, দুর্নীতিবিরোধী তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তিনি তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh