Facebook Twitter Instagram YouTube

রেফারিকে মেসি বললেন, ‘আমার সঙ্গে সম্মান বজায় রেখে কথা বলুন’


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ /
রেফারিকে মেসি বললেন, ‘আমার সঙ্গে সম্মান বজায় রেখে কথা বলুন’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের মাঝে মাঠের কৌশলগত লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিশেষ মুহূর্ত। ম্যাচের প্রথমার্ধে পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ঘটনাটি ঘটে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের আগে। সে সময় আর্জেন্টিনার রক্ষণ দেওয়ালে দাঁড়িয়ে থাকা মেসিকে রেফারি নির্ধারিত দূরত্বে সরে যেতে নির্দেশ দেন। তবে রেফারির কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি রোজারিওর এই তারকার। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেফারিকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো।’

ফ্রি কিক নেওয়ার পরও মাঠের ক্যামেরায় ধরা পড়ে যে, মেসি আবারও রেফারির কাছে গিয়ে নিজের অবস্থান তুলে ধরছেন। ঠোঁটের নড়াচড়া দেখে বোঝা যায়, তিনি বলছেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।’

কড়া ভাষায় নিজের প্রতিবাদ জানালেও, পুরো সময়জুড়ে মেসি যথেষ্ট শান্ত ছিলেন। তিনি হাত পেছনে রেখে সংযত আচরণ বজায় রাখেন। উল্লেখ্য, রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো ইউরোপীয় ফুটবলে বেশ পরিচিত মুখ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এই অভিজ্ঞতার কারণেই তিনি ২০২৬ বিশ্বকাপ ফুটবলের রেফারি প্যানেলে জায়গা করে নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor