
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যেই আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। মিশরের বাতিল হওয়া গোল এবং ম্যাচের রেফারির সিদ্ধান্ত নিয়ে যখন সমালোচনা চলছে, তখন বার্সেলোনার এই সেন্টারব্যাক নিজের স্পষ্ট মত জানিয়েছেন।
মার্কা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কুবারসি বলেন, আমার মতে মাঠের সবকিছুই বৈধ ছিল। আমি স্ট্যাম্পের কারণে ফাউলটি স্পষ্ট দেখতে পেয়েছি এবং এমন কোনো ঘটনা ঘটেনি যা বিতর্কিত হতে পারে।
বেলজিয়ামের বিপক্ষে আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে কুবারসি বলেন, আমাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী। তবে ফরোয়ার্ড এবং মিডফিল্ডাররাও রক্ষণে দারুণ সহায়তা করছেন, যা আমাদের কাজ সহজ করে দিচ্ছে। আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা এবং আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। তিনি শিরোপা জয়ের মুহূর্তটির কথাও কল্পনা করছেন বলে জানান।
গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্র করার বিষয়ে কুবারসি খুব একটা চিন্তিত নন। তিনি বলেন, প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়। দীর্ঘ বিরতির পর দলের গতি ফিরে পাওয়া এবং নতুন করে বিশ্বকাপ শুরু করা সহজ নয়। তবে আমরা এখন মানিয়ে নিয়েছি এবং বেশ ভালো অবস্থায় আছি। বর্তমানে আমাদের পুরো মনোযোগ শুধু বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকেই।
লা ভ্যানগার্দিয়ার সঙ্গে আলাপকালে সম্ভাব্য ফাইনালে মেসির মুখোমুখি হওয়ার বিষয়েও নিজের আগ্রহ প্রকাশ করেছেন এই তরুণ ফুটবলার। কুবারসি বলেন, যদি আমরা ফাইনালে মেসির বিপক্ষে খেলতে পারি, তবে সেটি হবে দুর্দান্ত। তার মানে হলো আমরা ফাইনালে উঠে শিরোপার খুব কাছে পৌঁছে গেছি। লিওনেল মেসি আমার আইডলদের একজন, তার বিপক্ষে খেলা হবে অসাধারণ একটি অভিজ্ঞতা। তবে এই মুহূর্তে আমাকে শতভাগ মনোযোগী থাকতে হবে, কারণ ফুটবলে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে।
আপনার মতামত লিখুন :