
টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বড়পর্দা থেকে বেশ কিছু দিন বিরতিতে রয়েছেন। বাংলা সিনেমায় তার সর্বশেষ কাজ ছিল গত বছরের ‘হাঁটি হাঁটি পা পা’। তবে এবার বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে তার জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর, অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে। নির্মাতাদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রীর সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলে জানা গেছে।
সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল—এই তিন ধরনের উপাদানের মিশেলে তৈরি হচ্ছে সিনেমাটি। ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি নজর কাড়ে; আর সে কারণেই রুক্মিণীর নাম আলোচনায় এসেছে। তবে তার অভিনয় করার বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তাই অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি বড় পর্দায় দেখা যাবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
‘শামুক’ সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ এবং আসীন এ শাহ। এই ছবির হাত ধরে দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রুক্মিণী মৈত্রের ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। এছাড়া ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটিই তার প্রথম হিন্দি ছবি নয়; এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটিতে তাকে দেখা গিয়েছিল। অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধার জল্পনা সত্যি হলে, রুক্মিণীর ক্যারিয়ারে এটি হবে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট।
আপনার মতামত লিখুন :