Facebook Twitter Instagram YouTube

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, বিদায় বেলজিয়ামের


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ /
১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন, বিদায় বেলজিয়ামের

দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেসের ইনগেলউডে সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য পায় স্প্যানিশরা। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বে জয়ের স্বাদ পেতে দীর্ঘ সময় লেগে গেল তাদের।

ম্যাচের ৩১ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে লিড নেয় স্পেন। পেদ্রির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রুইজ দুর্দান্ত নৈপুণ্য দেখান। লামিন ইয়ামালের কাটব্যাক থেকে দানি অলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রতিহত করলেও ফিরতি শটে বল জালে জড়ান রুইজ। তবে ৪০ মিনিটে শার্ল ডি কেটেলারার হেডে সমতায় ফেরে বেলজিয়াম। আগের ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ড আবারও গোল পান।

দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে, তার জায়গায় নামেন সিন লেমেন্স। এর কিছুক্ষণ পর স্পেনের গোলরক্ষক উনাই সিমন বক্সের বাইরে চলে এলে বেলজিয়ামের অ্যালেক্সান্ডার সালমেকার্স গোল করার সুযোগ তৈরি করেছিলেন। তবে তার ক্রসটি রোমেলু লুকাকুর কাছে পৌঁছানোর আগেই এইমেরিক লাপোর্তে দারুণভাবে ঠেকিয়ে দিয়ে স্পেনকে বড় বিপদ থেকে রক্ষা করেন।

ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। পাউ কুবারসির শট বদলি গোলরক্ষক লেমেন্স ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে গোল করেন মেরিনো। পর্তুগালের বিপক্ষে জয়ের নায়ক মেরিনো আবারও স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো বেলজিয়ামের।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor