Facebook Twitter Instagram YouTube

রবিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ১:০১ অপরাহ্ণ /
রবিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিকবার স্থগিত হওয়ার পর অবশেষে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফলাফল অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হবে। শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেকোনো অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, রোল নম্বর ১২৩৪৫৬ হলে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ‘DPE 123456’। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে গিয়ে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করে মার্কশিটসহ বিস্তারিত ফলাফল দেখা যাবে।

উল্লেখ্য যে, এর আগে গত ৯ জুলাই ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত থাকলেও শেষ মুহূর্তে ঢাকা বিভাগের নয়টি জেলার ফল আগাম অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় তা স্থগিত করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মূলত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন সময়ে ফল প্রকাশের পরিকল্পনা করা হলেও আইনি জটিলতা, পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং নানা বিতর্কের কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin