Facebook Twitter Instagram YouTube

না ফেরার দেশে সাবেক পেসার শফিউল ইসলামের মা


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ /
না ফেরার দেশে সাবেক পেসার শফিউল ইসলামের মা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ডানহাতি পেসার শফিউল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক বার্তায় শফিউল ইসলাম লিখেছেন, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার পরম শ্রদ্ধেয় মা আজ সকাল সাড়ে ৮টায় আমাদের সবাইকে ছেড়ে পরপারের উদ্দেশ্যে যাত্রা করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।" তিনি তার মায়ের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। শফিউল আরও লিখেছেন, "মহান আল্লাহ তাআলা যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"

জাতীয় দলের সাবেক সতীর্থের পরিবারের এমন শোকে সমবেদনা প্রকাশ করেছেন সাবেক জাতীয় পেসার রুবেল হোসেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শোকবার্তা জানিয়ে রুবেল লেখেন, "বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, আমার বন্ধু শফিউল ইসলাম সুহাসের আম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদটা শুনে সত্যিই হৃদয়টা ভারী হয়ে গেছে।" বন্ধু শফিউলের জন্য ধৈর্য ধারণ এবং মরহুমার মাগফিরাত কামনা করে রুবেল আরও লিখেছেন, "আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে দিন, এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।"

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh