Facebook Twitter Instagram YouTube

দিল্লি প্রিমিয়ার লিগে বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ /
দিল্লি প্রিমিয়ার লিগে বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছেন অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের খেলা একটি সজোরে স্ট্রেট ড্রাইভ তার গালে সরাসরি আঘাত করলে তিনি মাঠে লুটিয়ে পড়েন। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচটির ১৮তম ওভারে এই অঘটন ঘটে। প্রতিপক্ষের রান তাড়া করার সময় নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা বোলার আশিস মিনার করা একটি ডেলিভারিতে সোজা ব্যাটে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। উড়ে আসা বলটি মাটিতে ড্রপ খাওয়ার কোনো সুযোগ না পেয়ে সরাসরি আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে কানের ঠিক নিচে আঘাত করে।

বলের মারাত্মক আঘাতে মুহূর্তের মধ্যেই গালে হাত দিয়ে পিচে বসে পড়েন ধর্মেশ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ব্যাটার লক্ষ্য থারেজাও। নিজের শটে আম্পায়ার আহত হয়েছেন দেখে মাথায় হাত দিয়ে তিনিও উইকেটে বসে পড়েন। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত তার দিকে ছুটে আসেন এবং মাঠের পরিবেশ মুহূর্তেই চরম উৎকণ্ঠায় রূপ নেয়। প্রাথমিক আঘাতের ভয়াবহতা পুরোপুরি স্পষ্ট না হলেও সময়ের সঙ্গে সঙ্গে ধর্মেশ ভরদ্বাজের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh